জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বহুল প্রতীক্ষিত সপ্তম সমাবর্তন আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্যের ভাষণে তিনি এ তথ্য জানান।
উপাচার্য বলেন, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে সপ্তম সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগ্রহী। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার পরামর্শ ও সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
এর আগে গত বছরের ৪২তম সিনেট অধিবেশনে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সমাবর্তনের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে এবার তা পুনর্নির্ধারণ করে ২০২৭ সালের ফেব্রুয়ারির সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে।
সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা ও জনবল পরিস্থিতির তথ্যও তুলে ধরেন উপাচার্য। তিনি জানান, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে মোট ১২ হাজার ১৯৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এছাড়া ৯১৬ জন এমফিল এবং ৯৫৪ জন পিএইচডি গবেষক রয়েছেন।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭০৭ জন শিক্ষক, ৩৯২ জন কর্মকর্তা, ৯৯৮ জন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ৪৫৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন। পাশাপাশি জাবি স্কুল ও কলেজে ৪৭ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, দীর্ঘ সাড়ে তিন দশক পর জাকসু মনোনীত পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত এই সিনেট অধিবেশনে সমাবর্তন সংক্রান্ত ঘোষণাটি শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ ও প্রত্যাশার জন্ম দিয়েছে।
প্রতিবেদকের নাম 

























