ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এই যানজট ছড়িয়ে পড়েছে। এতে হাজারো যাত্রী ও চালক চরম দুর্ভোগে পড়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া যানজট শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।
সড়ক বিভাগ জানিয়েছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হয়। দুর্ঘটনার ঝুঁকি থাকায় শুক্রবার সকাল ১১টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করা হয়। কাজের সময় মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচল করানো হয়। এতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে।
শনিবার অতিরিক্ত যানবাহন এক লেন দিয়ে চলাচল করায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। একপর্যায়ে যানজট কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে যায়।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকা যাত্রীদের মধ্যে বিদেশগামী যাত্রীরাও রয়েছেন। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারার আশঙ্কা করছেন।
স্টার লাইন বাসের চালক ইয়াহিয়া জানান, শুক্রবার মধ্যরাত থেকে তারা যানজটে আটকে আছেন। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। প্রায় আট ঘণ্টা ধরে তারা যানজটে আটকে রয়েছেন।
টোলপ্লাজায় আটকে থাকা এক বাসযাত্রী জানান, ঘণ্টার পর ঘণ্টা পার হলেও তারা একই জায়গায় আটকে আছেন। এত দীর্ঘ যানজটের কারণও অনেক যাত্রীর জানা নেই।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারের কারণেই যানজটের সৃষ্টি হয়েছে। একটি লেন বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় যানজট সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
প্রতিবেদকের নাম 




















