
আইনি বাধা কাটল, ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, আইবিএ ইউনিট ছাড়া অন্য চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই।
এর আগে, গত ১৮ নভেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরে আবেদনটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। শুনানি শেষে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।
ভর্তি পরীক্ষার সময়সূচি
- আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর, সকাল ১০টা থেকে দুপুর ১২টা।
- বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর, সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা।
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর, সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা।
- চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর, সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা। এ ইউনিটে সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষা হবে।
- ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর, সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আইবিএ ইউনিট ছাড়া বাকি চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে।
প্রতিবেদকের নাম 




















