বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের নাম ইতিহাসের পাতায় লিখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নতুন রেকর্ড গড়ার পাশাপাশি পর্তুগালকে বড় জয় এনে দিয়েছেন এই মহাতারকা।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত গ্রুপ ‘কে’-এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই জোয়াও ক্যানসেলোর বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মাধ্যমে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন তিনি।
১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্দেস। এরপর ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। প্রথমার্ধেই ৩-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমলেও গোলের ধারা অব্যাহত থাকে। ৬০ মিনিটে উজবেকিস্তানের গোলরক্ষক আব্দুভোখিদ নেমাতভের আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। ম্যাচের ৮৭ মিনিটে রাফায়েল লেয়াও গোল করলে ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত করে পর্তুগাল।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা পর্তুগালের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রোনালদো। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে হ্যাটট্রিকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।
এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন রোনালদো। এতে তিনি ছাড়িয়ে গেছেন দেশটির কিংবদন্তি ইউসেবিওকে।
৪১ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে রোনালদো আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনি এখনও সমান কার্যকর। এই বড় জয়ে নকআউট পর্বের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে পর্তুগাল।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম
প্রতিবেদকের নাম 


























