বিশ্বকাপে ইতিহাস গড়েছে মেক্সিকো। গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ জিতে প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে স্বাগতিক দলটি।
বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামে মেক্সিকো। ম্যাচে তারা ৩–০ গোলে জয় পায়।
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর দাপট দেখায় স্বাগতিকরা।
৫৫তম মিনিটে মাতেও শ্যাভেজ গোল করে দলকে এগিয়ে দেন। ছয় মিনিট পর হুলিয়ান কুইনোনস ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন আলভারো ফিদালগো।
এই জয়ের ফলে ‘এল ত্রি’ ইতিহাসে প্রথমবার গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় তুলে নেয় এবং সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকে নকআউটে উঠে যায়।
এর আগে বিশ্বকাপে তাদের সেরা গ্রুপ পারফরম্যান্স ছিল ১৯৮৬ ও ২০০২ আসরে দুই জয় ও এক ড্র।
ম্যাচে আরও একটি রেকর্ড হয়—১৭ বছর বয়সী গিলবার্তো মোরা শুরুর একাদশে মাঠে নেমে মেক্সিকোর সর্বকনিষ্ঠ বিশ্বকাপ খেলোয়াড় হন।
অন্যদিকে, ৭৭তম মিনিটে বদলি নামেন অভিজ্ঞ গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া, যিনি ষষ্ঠ বিশ্বকাপে খেলার বিরল কীর্তিতে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে জায়গা করে নেন।
চেক প্রজাতন্ত্র মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। অন্যদিকে মেক্সিকো এখন নকআউট পর্বে নিজেদের প্রতিপক্ষের অপেক্ষায়।
—/এনএ
প্রতিবেদকের নাম 


























