দেশের ৮৭টি সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ হাসপাতাল অটোমেশন ব্যবস্থা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ব্যবস্থার আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, ল্যাবরেটরি পরীক্ষা ব্যবস্থাপনা, ফার্মেসির ওষুধ বিতরণ ও ট্র্যাকিং, সেবামূল্য আদায় এবং রেফারেল সেবা সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-১৭ এর সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৬১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৪টি জেলা হাসপাতাল, দুটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ১০টি জাতীয় পর্যায়ের হাসপাতালে এ ডিজিটাল ব্যবস্থা চালু রয়েছে।
তিনি জানান, অটোমেশন ব্যবস্থার ফলে রোগী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী উভয়ই উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছেন। রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকায় একই পরীক্ষা বা নথিপত্র বারবার করতে হচ্ছে না, ফলে চিকিৎসা ব্যয় কমছে। পাশাপাশি সেবামূল্যের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের কারণে সরকারি রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সম্মতির ভিত্তিতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চিকিৎসাসংক্রান্ত তথ্য স্থানান্তর করা সম্ভব হচ্ছে। এতে রোগীদের আর কাগজপত্র বহন করার প্রয়োজন হচ্ছে না।
তিনি আরও জানান, সরকারের ই-অ্যাপয়েন্টমেন্ট উদ্যোগের আওতায় বর্তমানে ১৫টি হাসপাতালে ই-টিকিটিং সেবা চালু রয়েছে। এর মাধ্যমে রোগীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করে সরাসরি বহির্বিভাগে চিকিৎসকের সেবা গ্রহণ করতে পারছেন। পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানান, সমন্বিত হাসপাতাল ব্যবস্থাপনা সম্প্রসারণে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বর্তমানে পরিকল্পনা কমিশনে পর্যালোচনাধীন রয়েছে এবং অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বিবেচনার অপেক্ষায় আছে।
প্রকল্পটি অনুমোদিত হলে পর্যায়ক্রমে দেশের সব স্তরের হাসপাতালকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনা হবে। এ লক্ষ্যে পাঁচটি জেলায় ইউনিক হেলথ আইডি, ই-হেলথ কার্ড এবং সমন্বিত অটোমেশন সেবা চালুর জন্য একটি পাইলট কারিগরি সহায়তা প্রকল্পও প্রণয়ন করা হয়েছে।
প্রতিবেদকের নাম 





















