গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরীফ আল রাজীব (পিপিএম)।
জানা গেছে, পলাশবাড়ি উপজেলা বিএনপি ও জামায়াত একই স্থানে পৃথক কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, “দুটি রাজনৈতিক দলের একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ছিল। তাই উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।”
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ির নির্ধারিত এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
প্রশাসন জানিয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি 




















