মোশাররফ হোসেন জসিম পাঠান, ময়মনসিংহ প্রতিনিধি:
গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিজুরী গ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ দুপুরে মোঃ আবুল ছাত্তারের মেয়ে মোছাঃ সুমা আক্তার (প্রতিবন্ধী) ও প্রতিবেশী দোকানদার মোঃ বিল্লাল মিয়ার বাড়ির শিশুদের মধ্যে খেলতে গিয়ে ঝগড়ার ঘটনা ঘটে। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা চললেও পরবর্তীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার পর বিল্লাল মিয়ার দোকান ও বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় বাধা দিতে গেলে পরিবারের নারীদের মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে। নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী দোকানদার বিল্লাল মিয়া বলেন, “আমার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় প্রতিপক্ষের লোকজন সুযোগ নিয়ে হামলা ও ক্ষয়ক্ষতি করেছে। প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।”
এদিকে এলাকাবাসীর কয়েকজন জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এমন সংঘর্ষ দুঃখজনক এবং বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।
ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়ভাবে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 






















