ভোলার চরফ্যাশন উপজেলায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার একটি কেন্দ্রে নকল করতে না দেওয়াকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনার পর পরীক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
রোববার (১২ জুলাই) রাত ৮টার দিকে চরফ্যাশন উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, “চরফ্যাশন উপজেলার সকল এইচএসসি পরীক্ষার্থীদের নির্ভয়ে ও চাপমুক্তভাবে পরীক্ষা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের পাশে রয়েছে।”
ইউএনও রুমানা আফরোজ জানান, ঘটনার পর প্রশাসন পরীক্ষার নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীরা আগের মতোই ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে। এছাড়া কেন্দ্রে ওই কলেজের দুইজন শিক্ষককে পরীক্ষার্থীদের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে এবং নিরাপত্তা জোরদারে আরও কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মহিউদ্দিন জানান, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত অংশ ইতোমধ্যে মেরামত করা হয়েছে। সোমবার অনুষ্ঠিতব্য পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য কেন্দ্র পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি বলেন, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের।
উল্লেখ্য, গত ১১ জুলাই আইসিটি পরীক্ষা চলাকালে নকল করতে না দেওয়ার অভিযোগে পরীক্ষা শেষে একদল শিক্ষার্থী কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় শিক্ষকসহ ৮ জন আহত হন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে কলেজের অধ্যক্ষ বাদী হয়ে প্রায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করেন।
প্রতিবেদকের নাম 
























