রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে এসে সীমানাপ্রাচীর ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা নাছিমা বেগম। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, সকাল থেকেই মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীরের পাশে টিসিবির পণ্য নেওয়ার জন্য মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। দুপুরের দিকে হঠাৎ পুরোনো দেয়ালটি ধসে পড়ে। এতে লাইনে থাকা বেশ কয়েকজন চাপা পড়েন।
দুর্ঘটনায় আহতদের কারও মুখ, আবার কারও পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কলেজের পুরোনো সীমানাপ্রাচীরের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে টিসিবির পণ্য নিতে আসা দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 

























