চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। এর আগে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, গত ২৬ জুলাই ওয়েইইউয়ান কাউন্টিতে প্রবল বর্ষণের পর সৃষ্ট দুর্যোগে ১০ জন নিহত হয়েছেন। তবে সর্বশেষ হালনাগাদ তথ্যে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন গানসু প্রাদেশিক কর্তৃপক্ষকে ঘটনার বিস্তারিত তদন্ত, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
এদিকে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় ডিংসি শহরসহ গানসুর বিভিন্ন এলাকায় নতুন করে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
উদ্ধারকারী দল, জরুরি সেবা সংস্থা ও স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 

























