সূর্যের ক্ষতিকর অতিবেগুনি (ইউভি) রশ্মি থেকে সুরক্ষার জন্য ব্যবহৃত ইউভি সূচককে উপেক্ষা করে ত্বক তামাটে করার প্রবণতা বাড়ছে ইসরায়েলের তরুণদের মধ্যে। এতে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
শনিবার (৮ আগস্ট) টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউভি সূচক সর্বোচ্চ ১১ বা তার বেশি থাকলেও অনেক তরুণ সৈকতে গিয়ে দীর্ঘ সময় রোদে অবস্থান করছেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের তীব্র ইউভি রশ্মির সংস্পর্শ ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
চিকিৎসকদের মতে, অতিবেগুনি রশ্মির ইউভিএ অংশ ত্বককে সাময়িকভাবে তামাটে করে। অন্যদিকে, ইউভিবি রশ্মি ত্বকের কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে, যা দীর্ঘমেয়াদে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। বেসাল সেল ও স্কোয়ামাস সেল ক্যানসার সাধারণত চিকিৎসায় নিয়ন্ত্রণযোগ্য হলেও মেলানোমা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। এটি শরীরের অন্য অঙ্গে ছড়িয়ে পড়লে প্রাণঘাতী হতে পারে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্যানসার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, মেলানোমার উচ্চ প্রকোপ রয়েছে—এমন শীর্ষ ৩০ দেশের মধ্যে ইসরায়েলের অবস্থান ২৩তম। তবে দেশটিতে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ার হার তুলনামূলক বেশি হওয়ায় মৃত্যুহারও কম।
বিশেষজ্ঞরা বলছেন, তাৎক্ষণিকভাবে ত্বক তামাটে করার আকাঙ্ক্ষায় অনেক তরুণ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিকে উপেক্ষা করছেন। বিশেষ করে ইউভি সূচক ৯ বা তার বেশি হলে সরাসরি তীব্র রোদে অবস্থান না করা এবং সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শিশু চর্মরোগ বিশেষজ্ঞ ড. এফরাত বার-ইলান এবং ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত সানস্ক্রিন ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি টুপি ও প্রতিরক্ষামূলক পোশাক ব্যবহার এবং তীব্র রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় সুরক্ষা ছাড়া অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকলে ত্বকের অকাল বার্ধক্য ও ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
প্রতিবেদকের নাম 



















