অভিনয়ের পর এবার গায়ক হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ ৮ আগস্ট অনুষ্ঠিত হবে তার প্রথম একক সংগীতানুষ্ঠান ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’।
নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এই কনসার্টকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবে অপূর্বর আত্মপ্রকাশ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।
অপূর্বর নতুন এই যাত্রায় শুভকামনা জানিয়েছেন দেশের বরেণ্য দুই সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবী। তাদের শুভেচ্ছাবার্তার দুটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন অপূর্ব।
ভিডিও বার্তায় কুমার বিশ্বজিৎ বলেন, অভিনয়ের মতো গান দিয়েও অপূর্ব সবাইকে মুগ্ধ করবেন—এটাই তার প্রত্যাশা। তিনি অপূর্বর আয়োজনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে তার নতুন পথচলার জন্য ভালোবাসা ও শুভকামনা জানান।
কুমার বিশ্বজিতের শুভেচ্ছাবার্তার প্রতিক্রিয়ায় অপূর্ব লেখেন, প্রজন্মের পর প্রজন্ম যার গায়কী মানুষের মনে জায়গা করে নিয়েছে, সেই কিংবদন্তি শিল্পীর কাছ থেকে ভালোবাসা ও অনুপ্রেরণা পাওয়া তার জন্য পরম প্রাপ্তি।
অন্য একটি ভিডিও বার্তায় ফাহমিদা নবীও অপূর্বকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, অপূর্ব যেমন সুন্দর অভিনয় করেন, তেমনি ভালো গানও করেন। নিউইয়র্কে থাকলে তিনি নিজেও তার অনুষ্ঠান দেখতে যেতেন বলে জানান। একই সঙ্গে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন এই সংগীতশিল্পী।
ফাহমিদা নবীর শুভেচ্ছাবার্তা শেয়ার করে অপূর্ব তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তার মতো গুণী শিল্পীর ভালোবাসা ও শুভেচ্ছা নতুন যাত্রায় বড় অনুপ্রেরণা।
অপূর্বর এই সংগীতযাত্রায় শুধু কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবীই নন, শোবিজ অঙ্গনের আরও অনেকে শুভকামনা জানিয়েছেন। অভিনেতা তৌসিফ মাহবুব ও জিয়াউল হক পলাশসহ অনেকে নিউইয়র্কের দর্শকদের কনসার্টে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, ৮ আগস্ট রাত ৮টায় শুরু হবে প্রায় দুই ঘণ্টাব্যাপী ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। এতে নিজের কণ্ঠে একাধিক জনপ্রিয় গান পরিবেশন করবেন অপূর্ব।
কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আনুমানিক ১২ হাজার ৩০০ টাকা ও ৩৭ হাজার টাকা।
অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের অবস্থান তৈরি করতে অপূর্বর এই নতুন যাত্রা কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
প্রতিবেদকের নাম 



















