এশিয়ান গেমস শুরুর মাত্র ১০ দিন আগে রেকর্ড বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে জাপানের আইচি-নাগোয়া। প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় রাস্তাঘাট ও মেট্রো স্টেশন পানিতে ডুবে গেছে। নিরাপত্তার কারণে প্রায় ৩ হাজার ৫০০ মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের এবারের আসর।
৪০০ ক্রীড়াবিদ-কর্মী নিরাপদ স্থানে
মঙ্গলবার মধ্য জাপানের এই শহরে ভারী বৃষ্টির কারণে বহু রাস্তা ও বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া জানান, এরই মধ্যে প্রায় ৪০০ ক্রীড়াবিদ ও কর্মী শহরে পৌঁছেছেন। নিরাপত্তার স্বার্থে তাদের সাময়িকভাবে উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।
ভেন্যু নিয়ে শঙ্কা নেই আয়োজকদের
সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি স্থানে ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ার ঘটনাও ঘটেছে। তবে এশিয়ান গেমসের কয়েক ডজন ভেন্যুতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মেয়র।
সাংবাদিকদের হিরোসাওয়া বলেন, গেমসের ভেন্যুগুলোর পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন নন। নির্ধারিত সূচি অনুযায়ী এশিয়ান গেমস আয়োজনেও কোনো সমস্যা হবে না বলে দাবি করেন তিনি।
বন্ধ ছিল সব মেট্রো লাইন
বন্যা ও ভারী বৃষ্টির কারণে নিরাপত্তার স্বার্থে নাগোয়ার সব মেট্রো লাইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। কর্মীদেরও নির্ধারিত সময়ের আগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
বুধবার সকালে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতির ওপর নজর রাখছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 



















