স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ বাড়ছে। অনেকেই নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন এবং স্থানীয় পর্যায়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বিএনপির সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন দলটির নেতারা। একই ইউনিয়নে একাধিক নেতা প্রার্থী হওয়ার আগ্রহ দেখানোয় ‘বিদ্রোহী’ প্রার্থীর আশঙ্কাও তৈরি হয়েছে।
একক প্রার্থীর বিষয়ে কঠোর বার্তা
স্থানীয় নির্বাচন সামনে রেখে আগেভাগেই মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি। দল সমর্থিত প্রার্থীর বাইরে কেউ যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন, সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে দলটি।
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তা মেনে নেওয়া হবে না—বিভিন্ন পর্যায় থেকে এমন বার্তা দেওয়া হচ্ছে।
সম্প্রতি রংপুর ও রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকেও বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সতর্ক করেছেন। দলীয় শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়ে তিনি নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী ঠিক করার এবং সবাই মিলে দল সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নেতাকর্মীদের এ বিষয়ে আগে থেকেই সতর্ক করা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান প্রতিটি জেলা ও বিভাগীয় বৈঠকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দিচ্ছেন। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয়েও স্থানীয় সংসদ-সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
একাধিক প্রার্থী হলে ভোট ভাগের শঙ্কা
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের ভাষ্য, দল একক প্রার্থীকে সমর্থন দেবে। তবে মাঠের অবস্থানের ওপর ভিত্তি করে কোথাও কোথাও একাধিক প্রার্থী মনোনয়ন চাইতে পারেন। যাচাই-বাছাইয়ের পর একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ হলে শেষ পর্যন্ত একক প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।
দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠপর্যায়ে একাধিক প্রার্থী হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপিতে স্থানীয় পর্যায়ে নেতৃত্বপ্রত্যাশীর সংখ্যা অনেক। বিভিন্ন এলাকায় একাধিক নেতা দলীয় সমর্থন ও নিজেদের প্রভাব প্রতিষ্ঠার জন্য মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির নেতা বা সমর্থকদের মধ্যে অন্তত নয়জন দলীয় সমর্থন পাওয়ার চেষ্টা করছেন বলে গণমাধ্যমে এসেছে।
বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, একাধিক প্রার্থী হলে ভোট ভাগাভাগির ঝুঁকি তৈরি হবে। এতে দল সমর্থিত প্রার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তৃণমূলে বিভক্তিও বাড়তে পারে। তাই শুরুতেই বিদ্রোহের পথ বন্ধ করতে চাইছে দলটির হাইকমান্ড।
জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাও বিবেচনায়
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হয়েছিলেন, তাদের সমর্থকরা স্থানীয় নির্বাচনে কী ভূমিকা রাখবেন, সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
একই সঙ্গে আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের ভোট নিজেদের পক্ষে আনার বিষয়েও দলীয় পর্যায়ে নানা হিসাব-নিকাশ চলছে। কোথাও কোথাও অবশ্য সমঝোতার মাধ্যমে একক প্রার্থী ঠিক করার প্রক্রিয়াও চলছে।
‘দলীয় প্রার্থী হবেন একজন’
বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের প্রস্তুতি রয়েছে। সাংগঠনিকভাবে সবাইকে স্পষ্ট ও দৃঢ় বার্তা দেওয়া হচ্ছে—দলীয় প্রার্থী হবেন একজন এবং সবাইকে তার পক্ষে কাজ করতে হবে।
তিনি বলেন, সব ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হবে এমন নয়। কিছু এলাকায় দু-একজন মনোনয়ন জমা দিতে পারেন, তবে মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর দলের একজনই থাকবে। এ কারণে আগেভাগেই সবাইকে সতর্ক করা হচ্ছে।
তৃণমূলে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ
জেলা পর্যায়ের নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে প্রার্থী বাছাই নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও বাড়তে পারে।
বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে একাধিক নেতা নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন। কোথাও সাবেক জনপ্রতিনিধিরা মাঠে নামছেন, কোথাও নতুন মুখের তৎপরতা বেড়েছে। আবার কোথাও দলের একাধিক নেতার মধ্যে নীরব প্রতিযোগিতা চলছে। এতে তৃণমূলে নতুন করে বিভাজনের আশঙ্কাও করছেন কেউ কেউ।
সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপও অব্যাহত রয়েছে। বিভিন্ন ইউনিয়নে চলছে মতবিনিময়। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি কেউ সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন, আবার কেউ স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি বাড়াচ্ছেন।
‘বিদ্রোহে জিরো টলারেন্স’
দলের দায়িত্বশীল নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য জানান, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করবে বিএনপি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যাতে নির্বাচনে না নামেন, সেজন্য আগেভাগেই সতর্ক করা হবে। একই সঙ্গে তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী বাছাইয়ের উদ্যোগও নেওয়া হতে পারে।
দলটির নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ধরে রাখাকেও গুরুত্ব দিচ্ছে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন তৃণমূলের সাংগঠনিক সক্ষমতারও পরীক্ষা হবে। তাই প্রার্থী সমর্থন থেকে শুরু করে নির্বাচনি কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই স্থানীয় বিএনপির পাশাপাশি কেন্দ্রের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা থাকবে।
প্রতিবেদকের নাম 






















