বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের সদস্য দেশগুলোর অবদান ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর অর্থনৈতিক গুরুত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। জি-৭-কে কটাক্ষ করে ‘তথাকথিত জি-৭’ বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।
শুক্রবার ভারতের নয়াদিল্লিতে ব্রিকস বিজনেস ফোরামে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেন পুতিন। শনিবার ১৮তম ব্রিকস সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে তার এই বক্তব্য সামনে আসে।
জি-৭-এর চেয়ে ব্রিকসের প্রবৃদ্ধি বেশি: পুতিন
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দাবি—গত পাঁচ বছরে বিশ্ব মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪০ শতাংশের বেশি এসেছে ব্রিকসের দেশগুলো থেকে। একই সময়ে জি-৭-এর অবদান ছিল প্রায় ২৯ শতাংশ।
শুধু মোট জিডিপি নয়, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ব্রিকসের দেশগুলোর অবদান বেশি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ওই সময় বিশ্ব অর্থনীতিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তার অর্ধেকেরও বেশি এসেছে ব্রিকসের সদস্য দেশগুলো থেকে। বিপরীতে জি-৭-এর অবদান ছিল প্রায় ১৮ শতাংশ।
পুতিন প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতিতে জি-৭-কে কেন এখনো বিশ্বের অর্থনীতির প্রধান শক্তিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
অর্ধেকের বেশি মানুষ ব্রিকসে
ব্রিকসের অর্থনৈতিক শক্তির পেছনে বড় কারণ হিসেবে সদস্য দেশগুলোর বিপুল জনসংখ্যার কথা তুলে ধরেন পুতিন। তার দাবি, বিশ্বের অর্ধেকের বেশি মানুষ ব্রিকসের দেশগুলোতে বসবাস করেন।
এর ফলে এসব দেশের অভ্যন্তরীণ বাজারও বড় এবং দ্রুত পরিবর্তনশীল বলে মন্তব্য করেন তিনি। জনসংখ্যা, বাজারের আকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সমন্বয়ে ব্রিকস বিশ্ব অর্থনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট।
পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা
বক্তব্যে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞারও তীব্র সমালোচনা করেন পুতিন। তার দাবি, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার বিরুদ্ধে ৩০ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পুতিনের ভাষ্য, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার সংখ্যা বিশ্বের অন্য সব দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মোট সংখ্যার প্রায় দ্বিগুণ। শুধু রাশিয়াকে নয়, দেশটির সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রাখা অন্য দেশগুলোকেও চাপের মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিশেষ করে ‘দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা’র প্রসঙ্গ তুলে পুতিন বলেন, কোনো দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য বা সহযোগিতা অব্যাহত রাখলে সেই দেশকেও নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দেওয়া হচ্ছে।
পাইপলাইন ও নৌপথ নিয়েও অভিযোগ
আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা ক্রমেই কঠোর রূপ নিচ্ছে বলেও মন্তব্য করেন পুতিন। তার অভিযোগ, পাইপলাইন ধ্বংস, আন্তর্জাতিক পরিবহনপথ বন্ধের চেষ্টা এবং সমুদ্রপথে চলাচলকারী জাহাজ দখলের মতো ঘটনাও ঘটছে।
তিনি বলেন, নিজেদের জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চাওয়া দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হচ্ছে।
নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার অর্থনীতি এগিয়েছে: পুতিন
পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার অর্থনীতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন পুতিন। তার মতে, কঠিন পরিস্থিতির মধ্যেও দেশটি অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন, গত তিন বছরে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বের গড় প্রবৃদ্ধির চেয়ে বেশি ছিল। একই সঙ্গে দেশটি জাতীয় সার্বভৌমত্ব আরও শক্তিশালী করেছে এবং দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে।
বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির শক্তির ভারসাম্য
বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ও গভীর পরিবর্তন চলছে বলেও মন্তব্য করেন পুতিন। তার মতে, একসময় কয়েকটি পুরোনো অর্থনৈতিক শক্তি বৈশ্বিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল। এখন ধীরে ধীরে নতুন অর্থনৈতিক শক্তিগুলো সেই জায়গা দখল করছে।
তবে পুরোনো অর্থনৈতিক শক্তিগুলোর সক্ষমতা এখনো যথেষ্ট রয়েছে বলেও স্বীকার করেন তিনি। এসব দেশের উন্নত অবকাঠামো, আধুনিক প্রযুক্তি, শক্তিশালী বৈজ্ঞানিক সক্ষমতা এবং গবেষণা প্রতিষ্ঠান রয়েছে বলে উল্লেখ করেন পুতিন।
তার মতে, বিশ্ব অর্থনীতির এই পরিবর্তন কোনো অস্বাভাবিক বা নেতিবাচক ঘটনা নয়। সময়ের সঙ্গে অর্থনীতি ও শক্তির ভারসাম্য বদলানোই স্বাভাবিক।
পুতিনের বক্তব্যে মূলত বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
প্রতিবেদকের নাম 
























