ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে রয়েল পরিবহনের একটি স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দাউদকান্দি উপজেলার ভেকিনগর এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে আড়াআড়িভাবে উল্টে পড়ে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।
আহত যাত্রীদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের কারও গুরুতর ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের দুটি রেকার প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায় বলেন, বাসটি সড়কের মাঝপথে উল্টে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। বাসে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন এবং কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
প্রতিবেদকের নাম 

























