সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রীতি গ্রুপের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, কাভার্ড ভ্যান থেকে গ্যাসভর্তি সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ঢাকা-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, বিস্ফোরণের পর কারখানার বাইরে একজন নারী এবং কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর কারখানা এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার জানালা-দরজার কাচ ভেঙে যায় এবং শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে বের হওয়ার চেষ্টা করেন।
ডিইপিজেড, জিরাবো মডার্নসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় আগুনে ক্ষতিগ্রস্ত স্থানে ডাম্পিং ও তল্লাশি কার্যক্রম।
কারখানার ফিনিশিং বিভাগের মাননিয়ন্ত্রণ শাখার পরিদর্শক রাকিব হোসেন জানান, কাজ শেষ হওয়ার সময় তিনি গ্যাস লিকেজের মতো শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
আশুলিয়ার নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতালে ১৬ জনকে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোডের সময় কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতিবেদকের নাম 



















