পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তাঁর গ্রামের বাড়িতে এবং সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে অবস্থিত বাড়িতে হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে এসব ঘটনা ঘটে।
হামলা ও অগ্নিসংযোগে বাড়ি দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং সেখানে ভাঙচুরের কিছু চিহ্ন পেয়েছে।
প্রতিবেদকের নাম 
























