যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কার মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীকে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক পাল্টা জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম লিডার মোজতবা খামেনি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এমএসনাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরদিন ইরানে হামলা চালানোর বিষয়ে আরব দেশগুলোকে জানানো হয়েছে। এ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সামরিক কমান্ডারদের উদ্দেশে দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি বলেন, শত্রুরা আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে ইরানের সেনাবাহিনী ও জনগণই সেই সংঘাতের সমাপ্তির সময় ও শর্ত নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনীকে শত্রুদের হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমা থাকবে না।
এ ছাড়া ইরানি বাহিনীর নাগালের মধ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক এবং অন্যান্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশও দিয়েছেন তিনি।
এদিকে আগামী ৪ নভেম্বর ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে উপসাগরীয় আরব দেশগুলোর তিনটি সূত্র এমএসনাউকে জানিয়েছে, নতুন হামলা হলে তা স্বল্প সময়ের হলেও অত্যন্ত তীব্র হতে পারে। তবে আরব দেশগুলো উত্তেজনা প্রশমনের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে। তাদের আশঙ্কা, হামলা হলে ইরানের পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু হতে পারে তারাও।
একটি আরব সূত্র জানিয়েছে, কয়েকটি আরব দেশ নিজেদের ভূখণ্ডে থাকা ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে না দেওয়ার সিদ্ধান্ত নিলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।
গত ১ সেপ্টেম্বরের পর ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো থেকে বিরত থাকবে তাঁর প্রশাসন।
আগামী ৪ নভেম্বরের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে এমএসনাউ হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল। জবাবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, সামরিকভাবে সংবেদনশীল কোনো বিষয়—সেটির অস্তিত্ব থাকুক বা না থাকুক—নিয়ে তারা মন্তব্য করেন না।
তবে হোয়াইট হাউসের ওই সূত্র জানিয়েছে, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সে জন্য প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন।
প্রতিবেদকের নাম 
























