‘আজকের এই বিধ্বস্ত বাংলাদেশে, যখন আমাদের স্বপ্নগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে, তখন আমরা রবীন্দ্রনাথকে নতুন করে স্মরণ করছি। তাঁর সময়ের দিকে ফিরে তাকিয়ে ভাবতে পারছি, মানুষ কতটা মহৎ হতে পারে। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ও জীবনবোধ আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শেখায়।’
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনবোধ ও সৃষ্টিকর্মের প্রাসঙ্গিকতা তুলে ধরে এসব কথা বলেছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এর আগে শত কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে মোমবাতি প্রজ্বালন করা হয়। রবীন্দ্রসংগীতের সুরে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
‘রবীন্দ্র-আলোয় ময়মনসিংহ: শতবর্ষে ফিরে দেখা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ময়মনসিংহ শাখা। নগরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মামুনুর রশীদ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৬ সালের ফেব্রুয়ারিতে ময়মনসিংহে এসেছিলেন। তাঁর সেই সফরের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক শাহ্ মো. আতিকুল হক।
অনুষ্ঠানে ‘অস্মিত রবীন্দ্রনাথ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি ‘ময়মনসিংহে রবীন্দ্রনাথের আগমনের শতবর্ষ: তাৎপর্য ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রীতি ইনস্টিটিউটের সভাপতি আবু সাঈদ।
আলোচনায় অংশ নেন শিক্ষক, প্রাবন্ধিক ও গবেষক স্বপ্ন ধর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জয়নাল আবেদীন খান, আনন্দ মোহন কলেজের অধ্যাপক বিমল কান্তি দে, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি অধ্যাপক মঞ্জুরুল আলম এবং সংগঠনটির সভাপতি মফিদুল হকসহ অনেকে।
প্রতিবেদকের নাম 























