দাবিকৃত তিন লাখ টাকা না পেয়ে এক ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপির চার নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় ঠিকাদার ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঠিকাদার মো. রুস্তম হাওলাদার। রোববার (৮ নভেম্বর) তিনি এ অভিযোগ করেন।
অভিযোগপত্রে রুস্তম হাওলাদার উল্লেখ করেন, গত শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা এবং তাঁর সহযোগী সাকিব হাওলাদার, সজিব হাওলাদার ও মুবিন মোল্লা। তাঁদের মধ্যে অন্য তিনজন বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠি সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাইয়ের নির্মাণকাজে সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন রুস্তম হাওলাদার। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তাঁর নির্মাণকাজে বাধা দেন। কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন তাঁরা।
অভিযোগে বলা হয়, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর ছেলে ও সঙ্গে থাকা অন্যদেরও মারধর করা হয় এবং তাঁদের ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়।
ঠিকাদার রুস্তম হাওলাদার বলেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে লোকজন পাঠিয়ে তাঁকে মারধর করানো হয় এবং তাঁর মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন মাহবুব মোল্লা। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সড়কের কাজের অংশীদার হিসেবে সেখানে তাঁর বিনিয়োগ রয়েছে। রুস্তমের কাছে তিনি টাকা পাবেন। সেই টাকা আদায় করতে না পেরে মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 


























