সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই কোনো সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী জানান, বিজেসির উত্থাপিত দাবিগুলো আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত অধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন, পোশাকশ্রমিকেরা নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে পারলেও সাংবাদিকেরা অনেক ক্ষেত্রে নিজেদের দাবি জানাতে পারেন না, এমনকি এ নিয়ে রাস্তায়ও নামতে পারেন না।
ফাহিম আহমেদ আরও বলেন, টেলিভিশন সাংবাদিকদের বেতন-ভাতা তুলনামূলক কম। অন্যদিকে, টেলিভিশন খাত পুরোপুরি বিজ্ঞাপননির্ভর। এ পরিস্থিতিতে ডিজিটাল সম্প্রচারের আগে কেবল অপারেটররা গ্রাহকদের কাছ থেকে যে অর্থ পেতেন, তার একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ সময় গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন বিজেসি চেয়ারম্যান।
প্রতিবেদকের নাম 
























