রাজধানীর ডেমরায় নিখোঁজের তিন দিন পর মো. হামিদুল্লাহ (১৩) নামে এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আরিফ হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৯ নম্বর ওয়ার্ডের মালা মার্কেটসংলগ্ন একটি মাঠের পাশের জঙ্গল থেকে কিশোরটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আরিফ জানিয়েছেন, গত ৭ নভেম্বর দুপুর দেড়টার দিকে তিনি হামিদুল্লাহকে মাঠের পাশের জঙ্গলে নিয়ে যৌন নির্যাতন করেন। পরে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেখানে ফেলে চলে যান বলে তাঁর স্বীকারোক্তির বরাতে জানানো হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই সাইদুল আলম রাতেই ডেমরা থানায় আরিফের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
আরিফ ডেমরার মালা মার্কেটসংলগ্ন আলী মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলম হোসেনের ছেলে। অন্যদিকে, নিহত হামিদুল্লাহ ওই এলাকার রুহুল আমিন মোল্লার বাড়ির ভাড়াটিয়া বাবুল আকন্দের ছেলে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান জানান, বুধবার সকালে গ্রেপ্তার আরিফকে আদালতে পাঠানো হবে।
প্রতিবেদকের নাম 

























