
বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ও বিক্রিতে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। চলতি বছরের অক্টোবরে বিশ্বজুড়ে ব্যাটারিচালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। এ মাসে সব মিলিয়ে বিক্রি হয়েছে ২০ লাখ ৯০ হাজার ইউনিট গাড়ি। চীনা নির্মাতাদের রপ্তানি বৃদ্ধি এবং ইউরোপের বাজারে শক্তিশালী চাহিদা এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্সের (বিএমআই) প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিষ্ঠানটির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭৫ লাখ ইউনিটে। গত বছরের একই সময়ের তুলনায় এ বিক্রি ৫ শতাংশ বেশি।
অক্টোবরে চীনের অভ্যন্তরীণ বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কমেছে। তবে দেশটির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণ বাজারের বাইরে রপ্তানিতে বেশি মনোযোগ দেওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ বেড়েছে। এ মাসে চীন থেকে যাত্রীবাহী নতুন জ্বালানিচালিত গাড়ির রপ্তানি প্রায় ৬ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক মাসের হিসাবে নতুন রেকর্ড।
বেঞ্চমার্কের ডেটা ম্যানেজার চার্লস লেস্টার রয়টার্সকে জানান, চীনের স্থানীয় বাজারে বিক্রি কমে যাওয়ায় দেশটির বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রপ্তানি বাড়ানোর কৌশল গ্রহণ করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বৈদ্যুতিক গাড়ির সরবরাহ ও বিক্রি বাড়ছে।
অঞ্চলভিত্তিক হিসাবে অক্টোবরে ইউরোপের বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৩৬ শতাংশ। সরকারি ভর্তুকি, জ্বালানির মূল্যবৃদ্ধি, ইউরোপীয় ইউনিয়নের নির্গমন নিয়ন্ত্রণসংক্রান্ত বিধিনিষেধ এবং নতুন নতুন মডেলের গাড়ি বাজারে আসায় এ প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
অন্যদিকে উত্তর আমেরিকার বাজারেও বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২৪ শতাংশ বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রে আগের মতো চাহিদা এখনো ফিরে আসেনি বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত বছরের অক্টোবরে দেশটিতে কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিক গাড়ি কেনার করছাড় সুবিধা বন্ধ হওয়ার পর এবারই প্রথম একই সময়ের বিক্রির সঙ্গে তুলনা করা হয়েছে।
এদিকে উত্তর আমেরিকার বাইরের অন্যান্য বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি সবচেয়ে বেশি, ৮৫ শতাংশ বেড়েছে। এসব বাজারে বিক্রির পরিমাণ উত্তর আমেরিকাকেও ছাড়িয়ে গেছে। চীনা গাড়ি নির্মাতাদের রপ্তানি সম্প্রসারণ এ প্রবৃদ্ধির অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছে বেঞ্চমার্ক।
সব মিলিয়ে চীনের রপ্তানি সম্প্রসারণ, ইউরোপের বাজারে বাড়তি চাহিদা এবং নতুন মডেলের গাড়ির আগমন বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বাজারকে নতুন করে গতিশীল করে তুলছে।
প্রতিবেদকের নাম 




















