শীতকালে ত্বক শুষ্ক, খসখসে হয়ে যাওয়া কিংবা ঠোঁট ও গোড়ালি ফাটার সমস্যা অনেকেরই দেখা দেয়। এ সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাশ্রয়ী ও সহজলভ্য উপাদান গ্লিসারিন বেশ কার্যকর হতে পারে। নামীদামি প্রসাধনীর পাশাপাশি ত্বকের যত্নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গ্লিসারিন এক ধরনের স্বচ্ছ, বর্ণহীন, গন্ধহীন, আঠালো ও সামান্য মিষ্টি স্বাদের ঘন তরল। এটি উদ্ভিজ্জ তেল কিংবা প্রাণীজ চর্বি থেকে পাওয়া যায়। আর্দ্রতা ধরে রাখার ক্ষমতার কারণে শীতকালীন ত্বকের যত্নে গ্লিসারিন বিশেষভাবে পরিচিত।
গ্লিসারিন মূলত একটি ‘হিউমেকট্যান্ট’ উপাদান। এটি বাতাস ও ত্বকের ভেতর থেকে আর্দ্রতা আকর্ষণ করে ত্বকের বাইরের স্তরকে সজীব রাখতে সাহায্য করে।
ত্বক বিশেষজ্ঞদের মতে, ত্বকের উপরিভাগে আর্দ্রতা বাড়ানোর ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, প্রোপিলিন গ্লাইকল ও বিউটিলিন গ্লাইকলের তুলনায় গ্লিসারিন অত্যন্ত কার্যকর একটি উপাদান।
গ্লিসারিনের উপকারিতা
১. ত্বকের আর্দ্রতা ধরে রাখে
গ্লিসারিন ত্বকে আর্দ্রতা আকর্ষণ করে তা ধরে রাখতে সাহায্য করে। ফলে শুষ্ক ও খসখসে ভাব কমে আসে।
২. ত্বক নরম ও মসৃণ রাখে
নিয়মিত ও সঠিকভাবে গ্লিসারিন ব্যবহার করলে ত্বক কোমল ও নমনীয় হতে পারে।
৩. ঠোঁট ও ফাটা ত্বকের যত্নে সহায়ক
শীতকালে ঠোঁট, হাত-পা এবং গোড়ালি ফাটার সমস্যা কমাতে গ্লিসারিন সহায়ক হতে পারে।
৪. ত্বকের সুরক্ষাবলয় বজায় রাখতে সাহায্য করে
ত্বকের প্রাকৃতিক সুরক্ষাবলয় ঠিক রাখতে গ্লিসারিন ভূমিকা রাখতে পারে। পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে ত্বকে তৈরি হওয়া অস্বস্তি কমাতেও সাহায্য করে।
৫. বয়সের ছাপ কমাতে সহায়ক
ত্বক পর্যাপ্ত আর্দ্র থাকলে বলিরেখা ও সূক্ষ্ম রেখা তুলনামূলক কম দৃশ্যমান হতে পারে। তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে গ্লিসারিন ব্যবহার উপকারী।
৬. ত্বকের ক্ষত নিরাময়ে সহায়তা করতে পারে
ত্বকের আর্দ্রতা বজায় রেখে গ্লিসারিন ক্ষত নিরাময়ের প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। সোরিয়াসিসের মতো কিছু ত্বকের সমস্যায়ও এটি উপশমে ভূমিকা রাখতে পারে। তবে এসব সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
গ্লিসারিন ব্যবহারের নিয়ম
১. পানি বা গোলাপজলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন
সরাসরি বা অতিরিক্ত ঘন গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে অস্বস্তি কিংবা সমস্যা দেখা দিতে পারে। তাই পানি বা গোলাপজলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা ভালো। সংবেদনশীল ত্বকে ব্যবহারের আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়া উচিত।
২. রাতে ব্যবহার করতে পারেন
রাতে ঘুমানোর আগে ত্বকে গ্লিসারিন মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। সকালে ঘুম থেকে উঠে মুখ ও শরীর পরিষ্কার করে নিন। তবে গ্লিসারিন ব্যবহারের জন্য রাতে ব্যবহার করাই বাধ্যতামূলক নয়।
প্রতিবেদকের নাম 


























