তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো নিয়ে মতবিরোধের কারণে আলোচনা অচলাবস্থায় পড়েছে। নির্ধারিত সময়ের এক দিনের বেশি পেরিয়ে গেলেও নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির বিষয়ে একমত হতে পারেনি দেশগুলো। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) রাতে আলোচনা স্থগিত করা হয়।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো সর্বশেষ খসড়া চুক্তির বিরোধিতা করছে। কারণ, ওই খসড়ায় বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির চাহিদা কমানোর কোনো উল্লেখ নেই। অন্যদিকে, উন্নয়নশীল দেশগুলোর জোট আফ্রিকা গ্রুপ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে আরও অর্থ বরাদ্দের নিশ্চয়তা চাইছে। তবে ইইউ আগে থেকেই এ ধরনের প্রতিশ্রুতির বিরোধিতা করে আসছে।
রোববার (২২ নভেম্বর) সকালে অনেক দেশের আলোচক দলের দেশে ফেরার কথা থাকলেও সমঝোতা না হওয়ায় তাঁরা ফ্লাইট পিছিয়ে সোমবার (২৩ নভেম্বর) নির্ধারণ করেছেন। জাতিসংঘের জলবায়ু আলোচনায় যেকোনো চুক্তির জন্য সব দেশের ঐকমত্য প্রয়োজন। তা না হলে কোনো চুক্তি ছাড়াই সম্মেলন স্থগিত হতে পারে। ১৯৯৫ সালে কপ সম্মেলন শুরু হওয়ার পর এমন ঘটনা ঘটেছে মাত্র একবার।
শনিবার ইইউর জলবায়ুবিষয়ক কমিশনার ওউপকে হুকস্ট্রা বলেন, জলবায়ু পদক্ষেপের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত করা না গেলে কোনো চুক্তি হবে না।
তবে যুক্তরাজ্যের প্রধান আলোচক ও জ্বালানিমন্ত্রী মিয়াত্তা ফানবুল্লে সমঝোতার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, আলোচনা কঠিন হলেও ফলপ্রসূ হচ্ছে। একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাজ্য কাজ চালিয়ে যাচ্ছে।
পানামা, সলোমন দ্বীপপুঞ্জ, আইভরি কোস্ট ও ইইউর প্রতিনিধিরা চূড়ান্ত চুক্তিতে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার থেকে সরে আসার প্রতিশ্রুতি যুক্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে, সৌদি আরবের নেতৃত্বে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো খসড়া থেকে এ বিষয়টি বাদ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো বলেন, জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছাড়া কোনো কপ সম্মেলন বা চূড়ান্ত ঘোষণা গ্রহণযোগ্য নয়। ফ্রান্সের পরিবেশগত রূপান্তরবিষয়ক মন্ত্রী মনিক বারবুও একই অবস্থান জানিয়েছেন। তাঁর অভিযোগ, কার্বন ধারণ ও ভূগর্ভে সংরক্ষণের প্রযুক্তির উল্লেখকে তেল-গ্যাস পোড়ানো অব্যাহত রাখার অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে।
এবারের সম্মেলনে প্রথমবারের মতো ‘আন্তালিয়া অ্যাকর্ডস’ নামে পরিচিত চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য পূরণ হয়নি বলে স্বীকার করার বিষয়টি উঠে আসতে পারে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বিশ্ব এখন ‘ওভারশুট’ বা নির্ধারিত তাপমাত্রার সীমা অতিক্রমের পর্যায়ে প্রবেশ করছে। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও চরম তাপপ্রবাহের ঝুঁকিতে আরও লাখ লাখ মানুষ পড়তে পারেন।
তবে অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন জীবাশ্ম জ্বালানি নিয়ে চুক্তিতে সুনির্দিষ্ট ভাষা যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর মতে, এবারের সম্মেলনের মূল লক্ষ্য বাস্তবায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানির দিকে অগ্রসর হওয়া।
এদিকে, বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ছে। চলতি বছর প্রথমবারের মতো সৌরবিদ্যুৎ নতুন বৈশ্বিক জ্বালানি চাহিদা পূরণে সবচেয়ে বড় অবদান রেখেছে, যা তেল ও গ্যাসকেও ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করেছে, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন যত দীর্ঘ হবে, নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের প্রণোদনাও তত বাড়বে।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহে চীনের শেনজেনে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্বালানি সরবরাহের সংকট মোকাবিলায় তেল উৎপাদন বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন।
অর্থায়ন নিয়েও বিরোধ
সম্মেলনে একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এতে সৌদি আরবসহ তেলসমৃদ্ধ দেশগুলো ২০৩৫ সালের মধ্যে তাদের মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণের প্রতিশ্রুতি দিলে চুক্তি থেকে জীবাশ্ম জ্বালানির বিষয়টি বাদ রাখা হতে পারে। তবে এ প্রস্তাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নসংক্রান্ত উদ্বেগের সমাধান হচ্ছে না।
খসড়ার আগের সংস্করণে ২০৩৫ সালের মধ্যে জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়িয়ে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব ছিল। তবে সর্বশেষ খসড়া থেকে সেই অঙ্ক বাদ দেওয়া হয়েছে।
আফ্রিকা গ্রুপের আলোচক দলের প্রধান ও ঘানার পরিবেশমন্ত্রী জানেটর আগিয়েমান রলিংস বলেন, উন্নত দেশগুলোর কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য অধিকার আদায় করতেই তাঁরা সম্মেলনে এসেছেন, সাহায্য চাইতে নয়।
সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশ নেওয়া জলবায়ু আন্দোলনকর্মী ও পরিবেশবাদী সংগঠনগুলোও আলোচনার সমালোচনা করেছে। পাওয়ারশিফট আফ্রিকার মোহামেদ আদো একে এখন পর্যন্ত সবচেয়ে খারাপ কপ সম্মেলন বলে মন্তব্য করেছেন।
প্রতিবেদকের নাম 
























