বাংলাদেশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে পরিচালিত তিন বছর মেয়াদি ‘শিস্টেম’ (SheSTEM) প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে ২৯০ জন তরুণী চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা প্রকল্পের অর্জন পর্যালোচনা করেন। ২০২৩ সালের নভেম্বর থেকে শুরু হওয়া প্রকল্পটি ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে, যাদের ৬০ শতাংশই নারী।
লাইটক্যাসল পার্টনার্সের নেতৃত্বে গঠিত কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করে। এতে টেন মিনিট স্কুল, এটুআই, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যুক্ত ছিল। তিন বছরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্স, মেন্টরশিপ, বিজনেস-টেক চ্যালেঞ্জ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ও চাকরি মেলার আয়োজন করা হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে নারীবান্ধব নিয়োগব্যবস্থা গড়ে তুলতে গবেষণা ও নীতি-অ্যাডভোকেসিও চালানো হয়।
প্রকল্পের আওতায় বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিএসআরএম ও ওয়ালটনের মতো নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা হয়েছে। উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে ছিল শিল্প খাতের ২৭ জন নেতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে মেন্টরশিপ কর্মসূচি এবং চুয়েটের ১৮ জন ছাত্রীর বিএসআরএম কারখানায় ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সম্পন্ন করা। এ ছাড়া কুয়েটে আয়োজিত বিজনেস-টেক চ্যালেঞ্জে ৩০০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে লাইটক্যাসল পার্টনার্সের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও বিজন ইসলাম বলেন, তিন বছর আগে প্রকল্পটির লক্ষ্য ছিল মেধার কোনো লিঙ্গভেদ নেই—তা প্রমাণ করা। অনুষ্ঠানে স্টেম খাতে নারীদের জন্য সমান সুযোগ তৈরির বিষয়ে প্যানেল আলোচনা হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফন বোমেল। এ ছাড়া প্রকল্পে অবদান রাখা মেন্টর, বিশ্ববিদ্যালয় ক্লাব, ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও নিয়োগদাতা প্রতিষ্ঠানকে ‘শিস্টেম অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়।
প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও এর মাধ্যমে গড়ে ওঠা অংশীদারত্ব, মেন্টর নেটওয়ার্ক ও কর্মসংস্থানের সুযোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 





















