
ইরান যুদ্ধের নয় মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে বিরোধ নতুন মাত্রা পেয়েছে। এখন প্রশ্ন শুধু প্রণালিটি খোলা নাকি বন্ধ, তা নয়; বরং কোন দেশের অনুমতি নিয়ে জাহাজ চলাচল করবে এবং এর জন্য কাকে মাশুল দিতে হবে, সেটিই হয়ে উঠেছে মূল বিষয়।
ইরান ধীরে ধীরে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অনুমোদিত জাহাজগুলোর কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র, চলাচলের ছাড়পত্র এবং নির্ধারিত পথ অনুসরণের শর্ত আরোপ করেছে। পাশাপাশি জাহাজ চলাচল ব্যবস্থাপনার জন্য ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ’ গঠন, বীমাব্যবস্থা চালু এবং জাহাজ থেকে ফি আদায়ের উদ্যোগ নিয়েছে তেহরান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রও হরমুজ প্রণালিতে নিজেদের প্রভাব বজায় রাখতে নৌ অবরোধ ও সামরিক তৎপরতা চালিয়েছে। একপর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাহাজের পণ্যমূল্যের ২০ শতাংশ পর্যন্ত ফি আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। যদিও উপসাগরীয় মিত্রদের আপত্তির মুখে পরে ওই পরিকল্পনা থেকে সরে আসে ওয়াশিংটন।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে। সংস্থাটির মতে, আন্তর্জাতিক নৌপথে কোনো দেশের টোল বা বৈষম্যমূলক শর্ত আরোপের আইনি ভিত্তি নেই। তবে আন্তর্জাতিক আইনের অবস্থান এক হলেও বাস্তবে জাহাজের নিরাপত্তা, বীমা ও বাণিজ্যিক ঝুঁকির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে এবং যুদ্ধঝুঁকির বীমা ব্যয়ও বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছে। অন্যদিকে, উপসাগরীয় দেশগুলো জ্বালানি রপ্তানি ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এ সংকটের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক ও সামরিক চাপের মুখে দ্রুত যুদ্ধ থেকে সরে আসে এবং কোনো চুক্তিতে শুধু হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়, তাহলে ইরান নিজস্ব নিয়ন্ত্রণব্যবস্থা ধরে রাখার সুযোগ পেতে পারে। সে ক্ষেত্রে প্রণালি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত থাকলেও জাহাজ চলাচলে ইরানের অনুমতিপত্র ও শর্ত কার্যকর থাকতে পারে।
হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নির্ধারণে সম্ভাব্য চুক্তির শর্ত, ইরানের আইন প্রণয়নের উদ্যোগ, চীন ও ভারতের মতো জ্বালানি আমদানিকারক দেশগুলোর অবস্থান এবং আন্তর্জাতিক বীমাবাজারের পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষ পর্যন্ত প্রণালির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা শুধু সামরিক শক্তির ওপর নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্যিক বাস্তবতার ওপরও নির্ভর করবে।
প্রতিবেদকের নাম 
























