
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা একটি মামলায় দুই বছর আগে মারা যাওয়া দুই জনপ্রতিনিধিকে আসামি করার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তিদের নাম মামলার এজাহারে অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা।
গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এতে মোট ১১১ জনকে আসামি করা হয়েছে।
মামলার ৯১ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগরের। অথচ তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা যান। তার বাড়ি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায়।
অন্যদিকে, মামলার ১০৪ নম্বর আসামি করা হয়েছে গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলীকে। তিনিও ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
এদিকে মৃত ইদ্রিস আলীর ভাই ও পেশায় একজন স্কুলশিক্ষক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, তার ভাই ২০২৪ সালেই মারা গেছেন। একজন মৃত মানুষ কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন? ভাইকে হারানোর শোকের মধ্যে মামলায় তার নাম আসায় পরিবার নতুন করে কষ্ট পেয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, মামলায় আসামির সংখ্যা অনেক। কীভাবে মৃত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল আলম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভুল হয়ে থাকতে পারে। তদন্তে বিষয়টি নিশ্চিত হলে তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। এখন তদন্তের মাধ্যমে কীভাবে দুই মৃত ব্যক্তির নাম মামলার আসামি তালিকায় অন্তর্ভুক্ত হলো, তা নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।
প্রতিবেদকের নাম 


























