নেত্রকোণার মদনে পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মদন পৌর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক সম্প্রতি অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার সকালে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। দুপুরের দিকে মদন পৌর এলাকায় পৌঁছালে পৌর টোল আদায়কারী আতিকুলের সঙ্গে সিএনজিচালক রায়হানের টোল আদায় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে মারামারি বাধে।
এ সময় সিএনজিতে থাকা আব্দুল বারেক সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে কিল-ঘুষির আঘাতে গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 

























