ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তি এবং গত ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দেওয়ার জন্য একটি অধিদপ্তর খোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপার কামান্নায় ২৭ বীর মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধারা ভাতা পাবেন। পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। যারা মুক্তিযোদ্ধা পরিচয়ে ভাতা নিচ্ছেন, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা নন, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় সারা দেশের মানুষকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, পশ্চিমবঙ্গের এক মন্ত্রী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। এর জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ দেশের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।
তিনি আরও বলেন, যারা ভারতে বসে অগ্নিসন্ত্রাস করছেন এবং বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন, তাদের দেশে ফিরতে হলে আইনি কাঠামোর মধ্য দিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিবেদকের নাম 





















