পাবনার বেড়া উপজেলায় হঠাৎ লোকালয়ে একটি বড় আকৃতির হনুমানের দেখা মিলেছে। দীর্ঘদিন পর এমন বন্যপ্রাণী দেখতে পেয়ে এলাকাজুড়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজ মাঠসংলগ্ন এলাকায় হনুমানটিকে প্রথম দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থীরা ভিড় জমাতে শুরু করেন। অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হনুমানটি আকারে বেশ বড় এবং এর লেজও অস্বাভাবিক লম্বা। কিছুক্ষণ গাছের ডালে বসে থাকার পর সেটিকে আশপাশের বিভিন্ন গাছে লাফিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। মানুষের উপস্থিতি টের পেলে প্রাণীটি সতর্ক আচরণও করছিল।
স্থানীয়দের ধারণা, যশোর বা চুয়াডাঙ্গা অঞ্চল থেকে কোনো কলাবাহী ট্রাক বা পণ্যবাহী যানবাহনের সঙ্গে হনুমানটি এ এলাকায় চলে এসেছে।
কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মেহেদী হাসান বলেন, বনাঞ্চল কমে যাওয়া এবং খাদ্যের সংকটের কারণেই অনেক সময় বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। তিনি সবাইকে প্রাণীটিকে উত্ত্যক্ত না করার আহ্বান জানান।
বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানান, এ ধরনের হনুমান সাধারণত মানুষের জন্য খুব বেশি ক্ষতিকর নয়। নিরাপদ পরিবেশ পেলে প্রাণীটি নিজেই অন্যত্র চলে যাবে বলে তিনি মনে করেন।
প্রতিবেদকের নাম 

























