জামালপুর সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদের তীর থেকে জয়নাল উদ্দিন নয়ন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বালুচাপা অবস্থায় পাওয়া যায়।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শরিফপুর ইউনিয়নের ফকিরবাড়ি বালুঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত জয়নাল উদ্দিন নয়ন ছোট জয়রামপুর গ্রামের বাসিন্দা এবং মৃত জলিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নদীর তীরে বালুর নিচে মরদেহ দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
নিহতের পরিবার জানায়, তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিহতের মা জবেদা বেগম বলেন, তার ছেলে তিন দিন ধরে নিখোঁজ ছিল এবং অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। পরে স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পান তারা।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রতিবেদকের নাম 

























