চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাত্র চার দিনের ব্যবধানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাগুলোতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের বহদ্দারগ্রাম এলাকায় পানিতে ডুবে ১.৫ বছর বয়সী শিশু মোহাম্মদ সাজিদ নিহত হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ির উঠানে খেলার সময় সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় ৮ বছর বয়সী খালেদ বিন মহিউদ্দিন পানিতে ডুবে মারা যায়।
তারও আগে বুধবার পশ্চিম অলিনগর এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে ১০ বছর বয়সী মাহিয়া আনোয়ারা আনিসা পানিতে পড়ে প্রাণ হারায়।
এছাড়া গত ১৯ মে খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় ৮ বছর বয়সী মুনতাসিন পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, অভিভাবকদের অসচেতনতা ও শিশুদের সাঁতার না জানার কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তিনি শিশুদের প্রতি আরও সতর্ক নজরদারি এবং সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবেদকের নাম 
























