কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা শিশুসহ ছয়জনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।
রোববার (২৪ মে) র্যাব জানায়, টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার একটি বাড়িতে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছিল। তাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচার এবং পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে র্যাব ছয়জনকে উদ্ধার করে। অভিযানের সময় পাচারকারী চক্রের এক নারী সদস্য পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মিয়ানমারের এক লাখ ৫১ হাজার ৬০০ কিয়াট জব্দ করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— যুগল বড়ুয়া (২৮), হুসাইন আহম্মেদ (২০), কামাল হোসেন (১৮), আয়েসা (১৬), শুভ তারা (১৪) ও সাদেক (৯)। তাদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে কিংবা জোরপূর্বক তাদের ওই আস্তানায় নিয়ে যাওয়া হয়। পরে নির্যাতন চালিয়ে প্রত্যেকের পরিবারের কাছে তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে জোর করে সাগরপথে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় কামাল হোসেন নামে এক তরুণকে শারীরিকভাবে নির্যাতন করে গুরুতর আহত করার অভিযোগও পাওয়া গেছে।
র্যাব জানিয়েছে, আটক নারী ও পলাতক সদস্যদের বিরুদ্ধে মানবপাচার আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 


























