চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নদীপথে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দ্রুত হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।
শুক্রবার (১২ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাধানগর ইউনিয়নের ২২০ নম্বর আন্তর্জাতিক পিলারসংলগ্ন এলাকায় শিশু ও নারীদেরসহ ওই ১৫ জনকে নৌকাপথে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
বিজিবি জানায়, তাদের টহল দল তখন সীমান্ত এলাকায় অবস্থান করছিল। বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নৌকায় করে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে।
পরে ওই ১৫ জনকে শূন্যরেখায় রাখা হয় এবং রাত পৌনে ৩টার দিকে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয় বলে জানায় বিজিবি।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















