কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
এ ঘটনায় তুহিন, ফাহাদ, কামরুল ও সিয়াম নামে চারজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তাদের মধ্যে তুহিন, ফাহাদ ও কামরুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সিসিটিভি ফুটেজে তুহিনের অবস্থান শনাক্ত
পুলিশ সুপার জানান, তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সোয়া ২টার মধ্যে তুহিন অপ্রতিমকে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন স্থানে যায়।
অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তুহিনকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তুহিন অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে সেখানে নিয়ে যাওয়ার কথা জানায় বলে পুলিশ জানিয়েছে।
তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ফাহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুলকেও আটক করা হয়।
বাসা থেকে উদ্ধার আইফোন
পুলিশ সুপার জানান, তুহিনের দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে কয়েকটি স্থানে আইফোনটির সন্ধানে অভিযান চালানো হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে তোশকের নিচ থেকে আইফোনটি উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন অপ্রতিমের আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে সে বাধা দেয়। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ফাহাদ ও কামরুল তাকে মারধর করে। পরে আইফোনটি নিয়ে তারা সেখান থেকে চলে যায় বলে পুলিশ জানিয়েছে।
আরও একজনের সম্পৃক্ততা যাচাই
পুলিশ সুপার বলেন, সিয়াম নামে আরও একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত পুলিশ প্রতিবেদন বা চার্জশিট আদালতে দাখিল করা হবে।
অপ্রতিম ও তুহিনের বয়স
পুলিশ সুপার জানান, নিহত অপ্রতিমের বয়স ১৩ বছর। মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা সাইফুল ইসলাম তুহিনের বয়স ১৯ বছর। সে কুমিল্লা সিটি কলেজের একাদশ শ্রেণিতে পড়ত এবং ২০২৫ সালে পড়াশোনা ছেড়ে দেয় বলে জানান তিনি।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, পুলিশ ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে এবং আইফোনটি উদ্ধার করা হয়েছে। বাকি তদন্ত শেষ করে দ্রুত আদালতে মামলার পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।
প্রতিবেদকের নাম 




















