ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১১ মে) ঈদযাত্রা ব্যবস্থাপনা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গত ঈদে যে সমস্যাগুলো হয়েছিল, সেসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক করার চেষ্টা করা হবে।
মন্ত্রী জানান, এবার ঈদে প্রায় এক কোটি মানুষ রাজধানী ঢাকা ছেড়ে বিভিন্ন জেলায় যাত্রা করতে পারে। এ কারণে সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সম্ভাব্য বৃষ্টি ও পশুর হাটের কারণে যানজটের আশঙ্কা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অতিরিক্ত বাস চালু করা হবে এবং সড়কে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
গার্মেন্টস শ্রমিকদের ঈদের ছুটি প্রসঙ্গে মন্ত্রী জানান, এবার শ্রমিকদের সুবিধার কথা বিবেচনা করে তিন ধাপে ছুটি দেওয়া হবে।
সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, গত ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছিল। এবার দুর্ঘটনা কমাতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা থাকবে।
তিনি জানান, ঈদের সময় যাত্রী নামানো ছাড়া কোনো বাস ফেরিতে উঠতে পারবে না। একইসঙ্গে সদরঘাট এলাকায় নৌযানে যাত্রী ওঠানামা নিয়ন্ত্রণে নৌ পুলিশ বাড়ানো হবে।
সরকারের লক্ষ্য হলো এবারের ঈদযাত্রা যেন নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়ক হয় বলে জানান মন্ত্রী।
প্রতিবেদকের নাম 

























