ফুটবল বিশ্বকাপের প্রায় একশ বছরের ইতিহাসে আটটি দেশের মোট ৪৭১ জন খেলোয়াড় বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছেন। তাদের মধ্যে মাত্র ২১ জন দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। আর একমাত্র ফুটবলার হিসেবে তিনবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি রয়েছে ব্রাজিল কিংবদন্তি পেলের।
চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে নকআউট পর্বে ওঠা তিন দেশের ২২ জন খেলোয়াড়ের। বিশ্বকাপের ইতিহাসে একই আসরে এতসংখ্যক বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন খেলোয়াড়ের অংশগ্রহণ এবারই প্রথম।
এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ জন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন খেলেছিলেন। তাদের মধ্যে ছিলেন ২০১০ সালে স্পেনের হয়ে শিরোপাজয়ী ১৬ জন এবং ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপজয়ী তিনজন ফুটবলার।
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৭ জন বিশ্বচ্যাম্পিয়ন খেলোয়াড় রয়েছে আর্জেন্টিনা দলে। তারা সবাই ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য। এ তালিকায় রয়েছেন অধিনায়ক লিওনেল মেসিসহ লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, এমিলিয়ানো মার্টিনেজসহ আরও অনেকে। পাশাপাশি কোচ লিওনেল স্কালোনিও শিরোপা ধরে রাখার লড়াইয়ে আছেন।
২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশমও এবার দলের দায়িত্বে রয়েছেন। সেই দলের চার খেলোয়াড়—কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, এন’গোলো কাঁতে এবং লুকাস হার্নান্দেজ—দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছেন।
এছাড়া ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের সদস্য গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ারও এবার দ্বিতীয় শিরোপার স্বপ্ন নিয়ে খেলছেন।
চলতি বিশ্বকাপে অংশ নেওয়া বিশ্বচ্যাম্পিয়ন খেলোয়াড়রা:
লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, এন’গোলো কাঁতে, লুকাস হার্নান্দেজ এবং ম্যানুয়েল ন্যয়ার।
প্রতিবেদকের নাম 


























