যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেইন এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি স্থাপনা পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেইনে দাবানলে প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। আর পুরো ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রায় ৩৯০ বর্গমাইল এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় ও ফেডারেল সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে।
দাবানলের তীব্রতায় একটি ভেটেরানস হাসপাতালের রোগীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।
আবহাওয়া শুষ্ক থাকা এবং প্রবল বাতাসের কারণে আগামী কয়েক দিন পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল।
ইতোমধ্যে ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি স্পোকেইন কনভেনশন সেন্টারে ক্ষতিগ্রস্তদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।
ওল্ড ট্রেইলস, ফেয়ারভিউ ও মিডউভিউসহ কয়েকটি এলাকায় দাবানল এখনও সক্রিয় রয়েছে। এর ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলছে।
এদিকে স্পোকেইনের বাইরে পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও বজ্রপাতের কারণে সৃষ্ট আরেকটি বড় দাবানল গত ১০ দিনে প্রায় ৫২৫ বর্গমাইল তৃণভূমি পুড়িয়ে দিয়েছে। এতে শত শত বাড়িঘর ও গবাদিপশুর খামার হুমকির মুখে পড়েছে।
আবহাওয়া শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকায় ওই অঞ্চলে তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস একাধিক অঙ্গরাজ্যে বায়ুমানের অবনতি, তীব্র তাপপ্রবাহ এবং রেড ফ্ল্যাগ ফায়ার ওয়ার্নিং জারি করেছে।
প্রতিবেদকের নাম 




















