
রাজধানীর আদাবরের জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকায় কয়েকদিনের বিদ্যুৎ বিভ্রাটের পর অবশেষে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়েছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) জানিয়েছে, আবাসনটির নিজস্ব ৩৩/১১ কেভি উপকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণেই এ সমস্যা সৃষ্টি হয়েছিল।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি জানায়, প্রয়োজনীয় মেরামত ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার (১০ জুলাই) রাত ৮টা ২ মিনিটে পুরো আবাসন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়।
ডিপিডিসির তথ্য অনুযায়ী, জাপান গার্ডেন সিটি একটি ৩৩ কেভি ভোল্টেজের আবাসিক গ্রাহক, যার অনুমোদিত বিদ্যুৎ লোড ৯ হাজার ৪০০ কিলোওয়াট। আবাসনটিতে ২৬টি আবাসিক ভবনের পাশাপাশি ‘টোকিও স্কয়ার’ নামে একটি শপিং মল রয়েছে।
সংস্থাটি জানায়, তারা ৩৩ কেভি লাইনের মাধ্যমে উপকেন্দ্রের ইনকামিং পয়েন্ট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে। তবে উপকেন্দ্রের ট্রান্সফরমার, বাসবার, সার্কিট ব্রেকার ও অভ্যন্তরীণ বিতরণব্যবস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের।
গত ৭ জুলাই রাত ৩টা ৩১ মিনিটে আবাসনটির নিজস্ব ১১ কেভি ইনকামিং ব্রেকারে ফ্ল্যাশিংয়ের ঘটনা ঘটে, যার ফলে ফিডার ট্রিপ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প উৎস থেকে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করা হলেও গ্রাহক প্রান্তের ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।
পরবর্তীতে যৌথ কারিগরি পরিদর্শনে ১১ কেভি বাসবারে অতিরিক্ত কার্বন ও আর্দ্রতা এবং টি-১ ট্রান্সফরমারে ত্রুটি শনাক্ত হয়। এছাড়া ১০/১৪ এমভিএ ক্ষমতার ৩৩/১১ কেভি ট্রান্সফরমার বিকল হওয়াই বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ বলে জানায় ডিপিডিসি।
পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানকে মেরামতের দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডিপিডিসির প্রকৌশলীরাও প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করেন।
পরীক্ষা-নিরীক্ষা শেষে ৯ জুলাই রাত ১১টায় ট্রান্সফরমার পুনরায় চালু করা হলেও একটি ১১ কেভি ফিডারের অভ্যন্তরীণ ত্রুটির কারণে কয়েকটি ভবনে বিদ্যুৎ ফিরতে কিছুটা সময় লাগে। পরে সেই সমস্যাও সমাধান হওয়ায় বর্তমানে পুরো জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
ডিপিডিসি আরও জানিয়েছে, গ্রাহক প্রান্তে ৩৩ কেভি প্রোটেকশন সিস্টেম না থাকায় এ ধরনের ত্রুটি জাতীয় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আবাসন কর্তৃপক্ষকে নিজস্ব উপকেন্দ্র ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
প্রতিবেদকের নাম 




















