জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের সচেতন মানুষ মেশেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, সমাজে জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। নিজেদের গোষ্ঠীর লোকজনকে নিয়েই তারা বিচ্ছিন্নভাবে বসবাস করে।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক আচরণের কারণে অনেক মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তবে তাঁর মতো হাতেগোনা কয়েকজন তাদের মিথ্যা বয়ানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের প্রকৃত চরিত্র সম্পর্কে সচেতন মানুষের ধারণা স্পষ্ট হয়েছে। দলটির আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবার আচরণ প্রায় একই রকম বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, তারা যুক্তি বা তথ্য দিয়ে জবাব না দিয়ে সম্মিলিত সাইবার আক্রমণের মাধ্যমে সমালোচকদের থামানোর চেষ্টা করে।
নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবস্থানের কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, দলটির বিভিন্ন বয়ানকে মিথ্যা হিসেবে তুলে ধরার পর থেকেই শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়েছেন। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যেও এর প্রতিফলন দেখা গেছে বলে দাবি করেন তিনি।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ তুলে ধরা এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর আরেক সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ্যে আসায় দলটির নেতাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিরোধী দলে যাওয়ার পর জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, একটা সময় আসবে, যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।
প্রতিবেদকের নাম 

























