বহিষ্কৃত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তার সঙ্গে বিএনপি ও বিভিন্ন পর্যায়ের আরও ৬০ নেতাকর্মীও দলটিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীতে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ইয়াকুব সরকার বহিষ্কৃত কেন্দ্রীয় যুবদল নেতা ইসহাক সরকারের ভাই। এর আগে ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছিলেন।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো. দেলাওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুধু ইয়াকুব সরকার ও তার সঙ্গে থাকা নেতাকর্মীই নন, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার আরও অনেকে এদিন জামায়াতে যোগ দিয়েছেন।
দেলাওয়ার হোসেনের দাবি, বিভিন্ন পেশাজীবী, আইনজীবী, সাবেক বিচারপতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ মোট ৬৫০ জন এদিন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
নতুন সদস্যদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানে দলীয় নেতারা তাদের সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
ইয়াকুব সরকারের জামায়াতে যোগদানের মধ্য দিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আরেক নেতার দলবদলের বিষয়টি সামনে এলো। এর আগে তার ভাই ইসহাক সরকারের এনসিপিতে যোগদানের ঘটনাও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল।
প্রতিবেদকের নাম 






















