
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করা এবং আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ পাঁচ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ (২৮ জুন)।
শনিবার (২৭ জুন) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য জানান। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেছেন।
এর আগে ট্রাইব্যুনালে মামলার দ্বিতীয় দফার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন দাবি করেন, এ ঘটনায় তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণ করেন। গত ১০ জুন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার পুনরায় সাফাই সাক্ষ্য দেন। জবানবন্দিতে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি প্রথম দফায় সাক্ষ্য দিয়েছিলেন তিনি।
মামলায় মোট পাঁচজন আসামি রয়েছেন। তাদের মধ্যে চারজন পলাতক। তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
প্রতিবেদকের নাম 
























