ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ঘিরে অনিয়মের অভিযোগে আন্দোলন আরও তীব্র হয়েছে। ১৪তম জেপিএসসি (ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন) প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা।
সোমবার (৩ আগস্ট) রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি), ফলে আন্দোলন নতুন গতি পেয়েছে।
দেবেন্দ্রনাথ মাহাতো জানান, গত মাসে ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই বিতর্কের সূত্রপাত। এরপর ৫ জুলাই আন্দোলন শুরু হয়। ৭ জুলাই রাজ্য সরকারের সঙ্গে বৈঠক, ৮ জুলাই প্রতিবাদ কর্মসূচি এবং ২০ জুলাই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে অভিযোগ ও প্রমাণ উপস্থাপন করা হলেও কার্যকর সমাধান আসেনি।
তার অভিযোগ, সরকার ও জেপিএসসি শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্ব দেয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।
আন্দোলনকারীদের প্রধান দাবি হলো, ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, টিডিপিএল পরিচালিত সব নিয়োগ পরীক্ষার তদন্ত এবং পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। তাদের অভিযোগ, প্রশাসনিক গাফিলতির কারণে বারবার চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গত নয় দিন ধরে রাঁচিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চলছে। রোববার আন্দোলনকারীরা মশাল মিছিলও করেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ঝাড়খণ্ডের ২৪টি জেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে, অভিযোগের তদন্তে ঝাড়খণ্ড সিআইডি ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে। তবে তদন্ত চললেও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
রাঁচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং শিক্ষার্থীদের দাবি আদায়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিবেদকের নাম 























