ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইনি কাঠামো প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিদ্যমান আইন পর্যালোচনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন আইন ও বিধান প্রণয়নে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে গুরুত্ব দেবে সরকার।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘ঢাকা ডায়ালগ: এন্ডিং ডিজিটাল অ্যান্ড এআই-ফ্যাসিলিটেটেড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এআইয়ের বিকাশে তৈরি হচ্ছে নতুন ঝুঁকি
আইনমন্ত্রী বলেন, সাইবার বুলিং, সাইবার হয়রানি এবং ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে বিভিন্ন আইন রয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে নতুন ধরনের ঝুঁকিও তৈরি হচ্ছে।
এসব ঝুঁকি মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের আইন ও অভিজ্ঞতা পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
সাইবার নিরাপত্তা আইন সংশোধনে পরামর্শ চলছে
মো. আসাদুজ্জামান বলেন, সাইবার নিরাপত্তা-সংক্রান্ত আইন সংশোধনের বিষয়েও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ শুরু হয়েছে।
তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয় এ ধরনের আইনের সঙ্গে সম্পৃক্ত। তাই নতুন আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে ব্যাপক পরামর্শ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া প্রয়োজন।
ডিজিটাল নিকাহ-তালাক নিবন্ধনের উদ্যোগ
নারীর অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিকাহ ও তালাক নিবন্ধন এবং ডকুমেন্টেশন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মাধ্যমে বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে বলে জানান তিনি। পাশাপাশি আইনি সহায়তা ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগও জোরদার করা হয়েছে।
সবার সহযোগিতা প্রয়োজন
ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে আইনমন্ত্রী সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, এ বিষয়ে যেকোনো ইতিবাচক ও কার্যকর সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়ামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগমসহ অন্যরা।
প্রতিবেদকের নাম 





















