এক মাস পর স্ত্রীর ফোনালাপ শুনে হত্যার বিষয়টি জানতে পারেন স্বামী
ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় তিন বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। অভিযোগ, পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় শিশুটির কান্নায় বিরক্ত হয়ে এ ঘটনা ঘটান ওই নারী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে জানানো হয়, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মথুরা জেলার ছৌলি গ্রামে। অভিযুক্ত নারীর নাম রুচি জিন্দাল (৩২)।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ জুন শিশুটিকে হত্যার পর রুচি তার স্বামী কৃষ্ণ মুরারি গুপ্তকে ফোন করে জানান, দীর্ঘক্ষণ কান্নার পর তাদের সন্তান আর নড়াচড়া করছে না। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেদিনই শিশুটিকে পোলিও টিকা দেওয়া হয়েছিল। ফলে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই সন্তানের মৃত্যু হয়েছে বলে ধারণা করেন কৃষ্ণ মুরারি গুপ্ত। স্ত্রীর কথায় বিশ্বাস করে তিনি শিশুটির দাফন সম্পন্ন করেন।
তবে প্রায় এক মাস পর, গত সোমবার হঠাৎ করেই তিনি শুনতে পান তার স্ত্রী ফোনে এক ব্যক্তির সঙ্গে শিশুটিকে হত্যার বিষয়টি নিয়ে কথা বলছেন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা রুচির মোবাইল ফোন পরীক্ষা করে একজন ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পান।
স্থানীয় বালদেব থানার কর্মকর্তা অজয় শর্মা জানান, রুচি জিন্দালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সঞ্জীব কুমার রায় বলেন, ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে শিশুটির মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি
প্রতিবেদকের নাম 






















