পরিবার ও ব্যক্তি জীবনে মহান আল্লাহর রহমত ও বিশেষ অনুগ্রহ লাভের জন্য তাকওয়া বা খোদাভীতি অর্জনের আহ্বান জানিয়েছেন পবিত্র মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী আল-হুজাইফী। তিনি বলেন, আল্লাহর নির্দেশ পালন এবং তাঁর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মধ্য দিয়েই প্রকৃত তাকওয়া অর্জন সম্ভব।
শুক্রবার (৩ জুলাই) জুমার খুতবায় তিনি মুসলিম উম্মাহর উদ্দেশে এসব গুরুত্বপূর্ণ নসিহত করেন। খুতবায় তিনি বলেন, ব্যক্তি ও পারিবারিক জীবনে শান্তি, বরকত এবং আল্লাহর বিশেষ সুরক্ষা লাভের অন্যতম প্রধান উপায় হলো তাকওয়া অবলম্বন করা।
শায়খ আলী আল-হুজাইফী তাকদিরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখার পাশাপাশি একমাত্র আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও নির্ভরতা (তাওয়াক্কুল) স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তবে তিনি স্মরণ করিয়ে দেন, কেবল আল্লাহর ওপর ভরসা করাই যথেষ্ট নয়; জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা, সঠিক সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় প্রচেষ্টাও ইসলামের শিক্ষা।
এদিকে একই দিনে পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ আল-জুহানি জুমার খুতবায় ঈমান শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি মুসলমানদের বেশি বেশি ইস্তিগফার, দান-সদকা এবং নেক আমলের মাধ্যমে মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সুস্থতা, অবসর সময় এবং নিরাপত্তার মতো মহান নিয়ামতগুলোকে অবহেলা না করে সঠিক ও কল্যাণকর কাজে ব্যবহার করা প্রত্যেক মুমিনের দায়িত্ব।
খুতবার শেষাংশে তিনি স্মরণ করিয়ে দেন, সমগ্র বিশ্বজগতের নিয়ন্ত্রণ একমাত্র মহান আল্লাহর হাতে। তাই প্রকৃত সফলতা ও মুক্তি অর্জনের জন্য সৎকাজে অগ্রণী ভূমিকা পালন এবং সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অপরিহার্য।
প্রতিবেদকের নাম 


























