নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন বালেন্দ্র শাহ। আগামী ২২ নভেম্বর (রোববার) দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাবেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন বালেন্দ্র শাহ। তাঁর সম্মানে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজের আয়োজন করবেন ভারতের প্রধানমন্ত্রী।
বিবৃতিতে বলা হয়, নেপাল ও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। অভিন্ন সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক সাদৃশ্য এবং দুই দেশের জনগণের মধ্যে গভীর যোগাযোগের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠেছে। সফরটি দুই দেশের বহুমুখী সহযোগিতামূলক অংশীদারত্ব ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিতে পর্যালোচনার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে এবং উভয় দেশের জনগণের জন্য পারস্পরিক সুফল বয়ে আনবে।
চলতি বছরের মার্চে নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন বালেন্দ্র শাহ। সেটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর। সে হিসাবে ভারত সফর হবে তাঁর দ্বিতীয় বিদেশ সফর।
কয়েক সপ্তাহ আগে নেপাল সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেখানে বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, গত আগস্টে নেপালে বন্যার সময় ভারত দ্রুত ও উল্লেখযোগ্য মানবিক ও কারিগরি সহায়তা দিয়েছিল। এ জন্য নেপালের নেতৃত্ব কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ভারত সফরে দেশটির ব্যবসায়ী নেতাদের একটি সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে বালেন্দ্র শাহের। ভারত নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। নেপালের মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে।
নেপালের পররাষ্ট্র সচিব অমৃত রাই দেশটির দৈনিক দ্য কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, সফরকালে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।
তিনি আরও জানান, সফরে কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করা হবে। পাশাপাশি অন্য কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণাও আসতে পারে।
প্রতিবেদকের নাম 






















